প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
ইরানে নিকট ভবিষ্যতে ইসরায়েলি হামলার যৌক্তিকতা নেই: লিবারম্যান

ইরানে আগাম হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দেশটির বিরোধী নেতা আভিগডোর লিবারম্যান।
তার মতে, ইরানের বিরুদ্ধে নিকট ভবিষ্যতে ইসরায়েলের একতরফা কোনো হামলা চালানো উচিত হবে না। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।
ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক দল ‘ইসরায়েল বেইতেনু’র নেতা লিবারম্যান। তিনি নেতানিয়াহু সরকারের পতন চাওয়া বিরোধী জোটের অন্যতম নেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়নকে গুরুতর বলেও উল্লেখ করেন লিবারম্যান। তবে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ইরানে ইসরায়েলের একক হামলার পক্ষে এখনো কোনো গোয়েন্দা বা অভিযানগত যৌক্তিকতা নেই।
নেতানিয়াহু ও কাৎজ ক্ষমতায় থাকার লোভে পড়ে সিদ্ধান্ত নিচ্ছেন বলেও অভিযোগ করেন লিবারম্যান। লিবারম্যান বলেন, নেতানিয়াহু ও কাৎজ মরিয়া হয়ে তাদের পদ আঁকড়ে ধরে আছেন। দায়িত্ববোধ কিংবা সুস্থ মস্তিষ্ক, কোনোটিই তাদের প্রধান গুণ বলে মনে হয় না।
বর্তমানে ইসরায়েল আবার ইরানে হামলার প্রস্তুতি জোরদার করছে বলে খবর এসেছে। গত ১২ নভেম্বর ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সামরিক বাহিনীকে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ২৪ নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে আগাম হামলার সম্ভাবনার কথা বলেন।
তবে ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশ্য সমর্থন পাওয়া যায়নি। অন্যদিকে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটি এ সংক্রান্ত খবরগুলোকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।